ঈদগাঁওয়ে পুলিশের জিরো টলারেন্স অভিযান: মাদক সরঞ্জামসহ আটক ২, মোট গ্রেফতার ৭
শেফাইল উদ্দিন:
কক্সবাজারের ঈদগাঁওয়ে মাদক ও অপরাধের বিরুদ্ধে চলমান অভিযানে আরও কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। বিশেষ অভিযানে মাদক সেবনের সরঞ্জামসহ দুই যুবককে হাতেনাতে আটক করেছে ঈদগাঁও থানা পুলিশ। একই সঙ্গে পরোয়ানাভুক্ত ও সন্দেহভাজন আরও পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে অভিযানে সাতজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) জালালাবাদ ইউনিয়নের বাঁশঘাটা বাজারসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্র জানায়, ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদারের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালায়। এ সময় মাদক সেবনের প্রস্তুতিকালে দুই যুবককে হাতেনাতে আটক করা হয়।
আটককৃতরা হলেন জিয়াবুল বশর (২৩) ও আনোয়ার হোসেন (২৩)। তারা উভয়েই জালালাবাদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের তেলিপাড়া এলাকার বাসিন্দা।
অভিযানকালে তাদের কাছ থেকে ইয়াবা সেবনের কাজে ব্যবহৃত ৬টি প্লাস্টিকের পাইপ, ৪টি বোতলের ছিপি, একটি গ্যাস লাইটার এবং একটি ফয়েল পেপার উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটক দুই যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৭ ধারায় ঈদগাঁও থানায় মামলা রুজু করা হয়েছে। মামলার নম্বর-১৪, ।
অন্যদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনের লক্ষ্যে পরিচালিত পৃথক অভিযানে আরও পাঁচজনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে দুইজন সিআর পরোয়ানাভুক্ত, একজন জিআর পরোয়ানাভুক্ত এবং দুইজনকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত সকল আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম সিফাতুল মাজদার বলেন, “ঈদগাঁও থানাকে মাদক ও অপরাধমুক্ত রাখতে আমরা বদ্ধপরিকর। মাদকের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।”
স্থানীয় সচেতন মহল পুলিশের এ ধরনের অভিযানের প্রশংসা করে মাদক ও অপরাধ নির্মূলে ধারাবাহিক অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।








