ঈদগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
শেফাইল উদ্দিন:
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৪ জুন ) উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ঈদগাঁ খাল গজারিয়া ব্রিজ সংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে আবু হেনা (৩৫), পিতা- নুরুল হককে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন এর সংশ্লিষ্ট ধারায় ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরে জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
এ সময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি মেশিন ও পাইপও বিনষ্ট করা হয়।
অভিযানে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং আনসার সদস্যদের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল সহযোগিতা করে।
উপজেলা প্রশাসন জানায়, ঈদগাঁওবাসীর স্বার্থ সংরক্ষণ এবং পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।








