ঈদগাঁও থানা পুলিশের পৃথক অভিযানে জুয়াড়ি ও হত্যা চেষ্টা মামলার আসামিসহ গ্রেফতার – ৯
শেফাইল উদ্দিন, কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশ পৃথক ও সফল অভিযানে জুয়াড়ি, হত্যা চেষ্টা মামলার আসামি এবং পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ৯ জনকে গ্রেফতার করেছে। শনিবার (১০ মে) বিভিন্ন সময়ে পরিচালিত এসব অভিযানে জুয়ার সরঞ্জাম ও নগদ টাকা জব্দ করা হয়।
জানা যায়, ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম সিফাতুল মাজদারের নির্দেশে এসআই (নিরস্ত্র) সনক কান্তি দাশের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক
রাত আনুমানিক ৩টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ৩নং ইসলামাবাদ ইউনিয়নের বাঁশঘাটা এলাকার শাহ আলমের বসতঘরে অভিযান চালায়। এসময় অবৈধভাবে জুয়া খেলারত অবস্থায় হাতেনাতে ৫ জনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
১. আবুল কালাম (৪৬), পিতা- তাজুল মুল্ক, সাং- পূর্ব ইউছুপেরখীল
২. শাহ আলম (৬০), পিতা- মৃত দুদু মিয়া, সাং- খোদাইবাড়ী
৩. মোহাম্মদ সালাম (৫০), পিতা- হাকিম আলী, সাং- বাঁশঘাটা
৪. শমসুল আলম (৫৮), পিতা- মৃত মো. হোসেন, সাং- পূর্ব ইউছুপেরখীল
৫. কামাল হোসেন (৪৬), পিতা- মৃত কবির আহমদ, সাং- পূর্ব ইউছুপেরখীল
তাদের সকলের বাড়ি ইসলামাবাদ ইউনিয়ন, ঈদগাঁও, কক্সবাজার এলাকায়।
অভিযানকালে তাদের হেফাজত থেকে ২ বান্ডিল তাস, জুয়ার হিসাব সম্বলিত কাগজপত্র এবং নগদ ২ হাজার ১৩০ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় ১৮৬৭ সালের ‘দ্য পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট’-এর ৪/৫ ধারায় ঈদগাঁও থানায় মামলা নং-০৯/৫৪, তারিখ ১০-০৫-২০২৬ রুজু করা হয়েছে।
হত্যা চেষ্টা মামলার আসামি গ্রেফতার
গত ৭ মে আউলিয়াবাদ এলাকায় আম চুরির প্রতিবাদ করাকে কেন্দ্র করে সামশুল আলম (৫১) নামের এক ব্যক্তির ওপর বর্বরোচিত হামলার ঘটনায় জড়িত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত আসামি হলেন মো. জাহেদ (২১), পিতা- নুরুল হুদা (পালক পিতা- ফরিদুল আলম), মাতা- সামিনা আক্তার, সাং- আউলিয়াবাদ, ৮নং ওয়ার্ড, ইসলামাবাদ ইউনিয়ন, ঈদগাঁও, কক্সবাজার।
পুলিশ জানায়, হামলার ঘটনায় ভুক্তভোগীকে ধারালো দা ও লোহার রড দিয়ে গুরুতর জখম করা হয়েছিল। মামলার তদন্তের অংশ হিসেবে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
একই দিনে ঈদগাঁও থানা এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে আদালতের জিআর পরোয়ানাভুক্ত ২ জন এবং সিআর পরোয়ানাভুক্ত ১ জনসহ মোট ৩ জন পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন—
১. জসিম উদ্দিন (২৬), পিতা- জাকের আহমদ, সাং- মধ্যম মাইজপাড়া, ঈদগাঁও
২. নুর আবছার (২০), পিতা- নুরুল হক, সাং- মধ্যম মাইজপাড়া, বর্তমানে ঈদগাঁও বাসস্টেশন এলাকায় ভাড়াবাসায় বসবাসরত
৩. দিদার, পিতা- মৃত মোক্তার আহাম্মদ, সাং- ভুতিয়ারপাড়া, ঈদগাঁও।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম সিফাতুল মাজদার জানান, অপরাধ দমনে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত চলমান রয়েছে। বিশেষ করে জুয়ার মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত সকল আসামিকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।












