কক্সবাজারে র্যাবের অভিযানে ইয়াবা, হেরোইন ও আইসসহ ডিককুলের শীর্ষ মাদক কারবারি আজিজ গ্রেফতার
রিয়াজ উদ্দিন:
কক্সবাজার সদর উপজেলার উত্তর ডিককুল এলাকায় র্যাব-১৫ এর অভিযানে ইয়াবা, হেরোইন ও ক্রিস্টাল আইসসহ একাধিক মামলার পরোয়ানাভুক্ত শীর্ষ মাদক কারবারি মোহাম্মদ আজিজকে গ্রেফতার করা হয়েছে।

র্যাব জানায়, সোমবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উত্তর ডিককুল এলাকার আলী আহাম্মদের টিনশেড বাড়িতে অভিযান চালানো হয়। এসময় পালিয়ে যাওয়ার চেষ্টাকালে মাদক সিন্ডিকেটের অন্যতম সদস্য আজিজকে আটক করা হয়।
পরে তার ঘর ও হেফাজতে তল্লাশি চালিয়ে ৯ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১৮০ গ্রাম হেরোইন, ৪৮ গ্রাম ক্রিস্টাল আইস এবং একটি স্মার্টফোন উদ্ধার করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃত আজিজ আন্তঃজেলা মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে যাত্রাবাড়ী, সিদ্ধিরগঞ্জ ও ময়মনসিংহ কোতোয়ালী থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র্যাব-১৫।









