কক্সবাজারে সড়ক অনিয়মের খবর নিতে গিয়ে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ টিকাদার আসাদের বিরূদ্ধে
নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার-এ সড়ক নির্মাণকাজে অনিয়মের তথ্য সংগ্রহ করতে গিয়ে প্রাণনাশের হুমকির শিকার হয়েছেন এক সংবাদকর্মী। অভিযুক্ত হিসেবে নাম এসেছে যুবলীগ নেতা আসাদ উল্লাহর।
জানা যায়, রামু গর্জনিয়া-নাইক্ষ্যংছড়ি সড়কের চলমান উন্নয়নকাজে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার (৫ মে) সকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কার্যালয়ে যান ‘দৈনিক খোলা কাগজ’-এর নিজস্ব প্রতিবেদক নেজাম উদ্দিন।
তিনি নির্বাহী প্রকৌশলীর কক্ষে অবস্থানকালে সেখানে উপস্থিত হন সংশ্লিষ্ট কাজের ঠিকাদার ও যুবলীগ নেতা আসাদ উল্লাহ। কাজের মান নিয়ে প্রশ্ন তোলায় ঠিকাদার উত্তেজিত হয়ে সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়ে কক্ষ ত্যাগ করেন বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় কক্সবাজারের সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। সাংবাদিক নেতারা এটিকে গণমাধ্যমের কণ্ঠরোধের অপচেষ্টা হিসেবে উল্লেখ করে অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এদিকে, এলজিইডির সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করে জানান, একজন সংবাদকর্মীর সঙ্গে এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
ভুক্তভোগী সাংবাদিক নেজাম উদ্দিন নিজের নিরাপত্তা নিশ্চিত করতে এবং বিচার চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
স্থানীয় সচেতন মহল মনে করছে, সড়ক নির্মাণকাজের অনিয়মের বিষয়টি আড়াল করতেই এ ধরনের ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ঘটেছে।


















