কক্সবাজার শহরের নিশীথা হোটেলে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
৪০৮ নম্বর কক্ষের দরজা ভেঙে উদ্ধার, সঙ্গীর খোঁজে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে পুলিশ
নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার শহরের এন্ডারসন রোডে অবস্থিত নিশীথা হোটেল থেকে অর্জুন দাশ নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৯ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে হোটেলের ৪০৮ নম্বর কক্ষের দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়।
হোটেল সূত্রে জানা গেছে, গত ২৫ এপ্রিল অর্জুন দাশ এক অজ্ঞাত ব্যক্তিকে সঙ্গে নিয়ে তিন দিনের জন্য কক্ষটি ভাড়া নেন। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয়। পরে কর্মচারীরা কক্ষের সামনে গিয়ে ভেতর থেকে তীব্র দুর্গন্ধ পান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করে মরদেহ উদ্ধার করে। পুলিশ জানায়, মরদেহটি নগ্ন অবস্থায় ছিল এবং পাশ থেকে একটি গামছা উদ্ধার করা হয়েছে। কয়েকদিন ধরে মরদেহটি কক্ষে পড়ে থাকায় সেটি অর্ধগলিত হয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, নিহতের সঙ্গে থাকা অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্তে হোটেলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।



















