ঘুমধুম সীমান্তে মিয়ানমারে অভ্যন্তরে পরিত্যক্ত মর্টারশেল বিস্ফোরণে এক কিশোর নিহত
জনপথ ডেস্ক :
বান্দরবানে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে পরিত্যক্ত মর্টারশেল বিষ্ফোরণে নামে এক বাংলাদেশি শিশু নিহত হয়েছে।
মঙ্গলবার (২ জুন) দুপুর পৌণে ২ টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি সীমান্তবর্তী ৩৯ ও ৪০ পিলার মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান, বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম।
নিহত সুতনাইং তঞ্চঙ্গা (১২) ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি পশ্চিম পাড়ার কিংহ্লা তঞ্চঙ্গার ছেলে।
নিহতের স্বজন ও স্থানীয়দের বরাতে লে. কর্নেল খায়রুল আলম বলেন, সকালে বাইশফাঁড়ি সীমান্তবর্তী পাহাড়ী এলাকায় বাবা-মায়ের সঙ্গে শিশু সুতনাইং তঞ্চঙ্গাও জুমক্ষেতে যায়। দুপুরে বাবা-মা জুমক্ষেতে কাজ করার এক পর্যায়ে শিশুটি শূণ্যরেখা অতিক্রম করে মিয়ানমার অভ্যন্তরে ঢুকে পড়ে। এসময় শিশুটি সেখানে একটি পরিত্যক্ত মর্টারশেল খুঁজে পায়। পরে সেটি কুড়িয়ে জুম ঘরে এনে শিশু খেলতে থাকে।
“ এক পর্যায়ে সুতনাইং মর্টারশেলটি নিয়ে জুম ঘরের পাশে পাথরের উপর আঘাত করে। এতে বিকট শব্দে মর্টারশেলটি বিস্ফোরণ হলে শিশুটির দেহ ছিন্নভিন্ন হয়ে ঘটনাস্থলে মারা যায়। “
পরে খবর পেয়ে বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মৃতদেহ উদ্ধার করেছে বলে জানান তিনি।
লে. কর্নেল খায়রুল জানান, নিহতের লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার ব্যাপারে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।









