শাহপরীর দ্বীপে আত্মগোপনে থাকা জাহাঙ্গীর আলমকে আটক, এলাকায় স্বস্তি ফিরে আসার দাবি র্যাবের
টেকনাফে র্যাব-১৫ এর অভিযানে অপহরণ ও মানবপাচার মামলার মূলহোতা গ্রেফতার
শাহপরীর দ্বীপে আত্মগোপনে থাকা জাহাঙ্গীর আলমকে আটক, এলাকায় স্বস্তি ফিরে আসার দাবি র্যাবের
রিয়াজ উদ্দিন:
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে চাঞ্চল্যকর অপহরণ, মুক্তিপণ আদায় ও মানবপাচার মামলার মূল আসামি জাহাঙ্গীর আলম (২৮) কে গ্রেফতার করেছে র্যাব-১৫।
র্যাব জানায়, “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগানকে সামনে রেখে অপরাধ দমনে কাজ করে যাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। এরই ধারাবাহিকতায় র্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল কক্সবাজার জেলার টেকনাফ থানার শাহপরীর দ্বীপ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
র্যাব সূত্রে জানা গেছে, গত ১১ মে ২০২৬ ঢাকার উত্তরখান থানায় দায়ের হওয়া একটি আলোচিত অপহরণ মামলার ছায়া তদন্ত শুরু করে র্যাব। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, মামলার মূল পরিকল্পনাকারী জাহাঙ্গীর আলম সীমান্তবর্তী শাহপরীর দ্বীপ এলাকায় আত্মগোপনে রয়েছে।
পরবর্তীতে ১২ মে দিবাগত রাত ১টা ১৫ মিনিটে শাহপরীর দ্বীপের উত্তর পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত জাহাঙ্গীর আলম টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের কোনাপাড়া শাহপরীর দ্বীপ এলাকার বাসিন্দা।
র্যাবের দাবি, দীর্ঘদিন ধরে জাহাঙ্গীর আলম একটি সংঘবদ্ধ সিন্ডিকেট পরিচালনা করে অপহরণ, মুক্তিপণ আদায় ও মানবপাচারের সঙ্গে জড়িত ছিল। এলাকায় তিনি একজন প্রভাবশালী সন্ত্রাসী হিসেবে পরিচিত ছিলেন এবং সাধারণ মানুষ তার ভয়ে মুখ খুলতে সাহস পেত না।
র্যাব আরও জানায়, এই গ্রেফতারের ফলে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।












