নেতার মেয়ের বিয়ের দাওয়াতে এসে তিন যুবলীগ নেতা গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক:
খাগড়াছড়ির রামগড়ে এক নেতার মেয়ের বিয়ের দাওয়াতে এসে গ্রেফতার হয়েছেন নিষিদ্ধ ঘোষিত যুবলীগের তিন নেতা। শুক্রবার ভোর ৪টার দিকে রামগড় পৌরসভার বল্টুরামটিলা ও মুসলিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন—রামগড় পৌরসভার ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. সেলিম (৩৪), সাংগঠনিক সম্পাদক মো. হোসেন আলী (৩১) এবং সদস্য মো. মানিক ওরফে আব্দুল মালেক (২৭)।
পুলিশ জানায়, গ্রেফতার হওয়া তিনজনের বিরুদ্ধে রামগড় থানার দুটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। এর মধ্যে একটি মামলা ২০২৩ সালের এবং অন্যটি ২০২৪ সালের।
স্থানীয় সূত্রে জানা যায়, বল্টুরামটিলা এলাকার এক যুবলীগ নেতার মেয়ের বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে তারা এলাকায় আসেন। বৃহস্পতিবার রাতে গায়ে হলুদের অনুষ্ঠানে যোগ দিয়ে নিজ নিজ বাসায় অবস্থান করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম বলেন, গ্রেফতার তিন আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।



















