রামুতে সিএনজিতে ৮ হাজার ইয়াবা, যুবক গ্রেপ্তার
রিয়াজ উদ্দিন :
কক্সবাজারের রামু উপজেলায় অভিযান চালিয়ে ৮ হাজার ইয়াবা ট্যাবলেটসহ মো. সফিউল আলম (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২ জুন) দুপুরে উপজেলার ফতেখারকুল ইউনিয়নের চৌমুহনী কাঁচাবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার সফিউল আলম রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের দারিয়ারদিঘী এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রামু-চট্টগ্রাম মহাসড়কের পাশে ওয়াজেদ কমপ্লেক্সের সামনে একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালানো হয়। এ সময় সফিউল আলমকে আটক করা হলে তাঁর কাছ থেকে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন রামু থানার উপপরিদর্শক (এসআই) জয়নাল আবদীন।
এ সময় ঘটনাস্থল থেকে একটি ওয়ানপ্লাস অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি সিম্ফনি বাটন ফোন এবং ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, উদ্ধার হওয়া ইয়াবা ও জব্দকৃত আলামতের বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।









